Advertisement

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে লাগবে ১৫ দিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে লাগবে ১৫ দিন
ফাইল ছবি: বাসস

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে গেছে। গত ২৭ অক্টোবর এ ঘটনা ঘটে।

Advertisement

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন ছড়িয়ে পড়া রোধে আপাতত গ্যাসকে উন্মুক্তভাবে নির্গমনের সুযোগ দেওয়া হচ্ছে।আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ক্রমান্বয়ে কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

তবে নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অগ্নিনির্বাপণসহ গ্যাসের প্রবাহ বন্ধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুইজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন যৌথভাবে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এদিকে, ঘটনাস্থলের আশপাশে গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্কতা মেনে চলার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।