আমেরিকায় উড়োজাহাজ বিধ্বস্ত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমেরিকায় উড়োজাহাজ বিধ্বস্ত
ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর

আমেরিকার মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আট আরোহীসহ একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এফএএর তথ্য অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ মডেলের বিমান। তবে দুর্ঘটনার পর বিমানে থাকা যাত্রী ও ক্রুদের কোনো তথ্য জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

দুর্ঘটনাটি এমন সময় ঘটে, যখন আমেরিকার একটি অংশে ঝড় আঘাত হেনেছে। এই ঝড়ে ইতোমধ্যে কয়েকজনের প্রাণহানি হয়েছে এবং লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ব্যাঙ্গর এলাকাতেও তুষারপাত ও খারাপ আবহাওয়া বিরাজ করছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে বিমানবন্দরে দৃষ্টিসীমা অত্যন্ত কম ছিল এবং পাইলটদের উড্ডয়ন পরিচালনায় জটিলতার মুখে পরেছিল।

ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ দুর্ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এবং জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করে। একইসাথে সাধারণ জনগণকে এই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলের ছবিতে রানওয়ের ওপর ধোঁয়া ও আগুন দেখা গেছে, পাশাপাশি উদ্ধারকারী যানবাহনের লাল আলো জ্বলতে দেখা যায়।

আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, দুর্ঘটনার কয়েক মিনিট আগে কন্ট্রোলার ও বিভিন্ন বিমানের পাইলটদের মধ্যে ‘দৃশ্যমানতা অত্যন্ত খারাপ’–এমন আলোচনা শোনা যায়। এরপর একটি কণ্ঠে শোনা যায়, ’একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে।’ তবে ওই কথোপকথন কোন বিমানের সঙ্গে সম্পর্কিত ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ঝড়ের কারণে আমেরিকাজুড়ে ভ্রমণ বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার দেশজুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৫ হাজার ৫০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, নিউ জার্সি ও নর্থ ক্যারোলিনাসহ বহু বিমানবন্দর এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমেরিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ব্যাঙ্গরসহ মেইনের বিভিন্ন এলাকায় ২৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।

সম্পর্কিত