Advertisement

ইনকিউবেটরে আগুন, নবজাতকের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ইনকিউবেটরে আগুন, নবজাতকের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ
ফাইল ছবি।

রাজধানীর চানখারপুলের রয়েল কেয়ার হাসপাতালের ইনকিউবেটরে আগুন লেগে এক নবজাতকের শরীর ঝলসে গেছে। ইনকিউবেটরের অতিরিক্ত উত্তাপ কিংবা বৈদ্যুতিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছে পাঁচ ঘণ্টা বয়সী শিশুটির পরিবারের।

Advertisement

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এটি শর্ট সার্কিট থেকে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। তাদের কোনো গাফিলতি ছিল না।

দগ্ধ নবজাতক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢামেকের চিকিৎসক। শিশুটির বাবা মো. রাব্বানী বগুড়ার কাহালু থানার পলি বগুই গ্রামের বাসিন্দা।

Advertisement

রাব্বানী জানান, গতকাল শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সন্তানের জন্ম হয়। জন্মের পরপরই নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়ার পরামর্শ দেন।

তবে ঢামেক হাসপাতালে এনআইসিইউতে কোনো শয্যা খালি না থাকায় অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে হাসপাতালের এক ওয়ার্ডবয়ের মাধ্যমে ভোর আনুমানিক ৫টার দিকে চানখারপুলের রয়েল কেয়ার হাসপাতালে শিশুটিকে নিয়ে যান তিনি।

শিশুটির বাবার অভিযোগ, “আমি হাসপাতালের কিছু কাগজপত্র ঠিক করতে গিয়েছিলাম। হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি, আমার বাচ্চা যে মেশিনের মধ্যে ছিল, সেটি দাউ দাউ করে জ্বলছে। আমার বাচ্চার শরীরেও আগুন লেগে গেছে।”

হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রয়েল কেয়ার হাসপাতালের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক। তিনি চরচাকে বলেন “আমাদের ধারণা, শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। এটি নিছক একটি দুর্ঘটনা। এতে আমাদের কোনো গাফিলতি ছিল না।”

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাজকিয়া হক চরচাকে বলেন, “বর্তমানে নবজাতকটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। বিষয়টি শিশুটির স্বজনদের বারবার জানানো হলেও তারা কর্ণপাত করছেন না। চিকিৎসায় তারা কোনো সহযোগিতা করছেন না। শিশুটির অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে।”