গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকা থেকে শনিবার তিনটি পৃথক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে এক যুবককে জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে নদী থেকে এক নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ এবং জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১১টার দিকে কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণ পাড়া বলখেলা বাজার এলাকায় ঘাস কাটা নিয়ে স্থানীয় মনির সরকারের ছেলে নিলয় সরকারের সঙ্গে তার চাচাতো ভাই রাসেলের কথা-কাটাকাটি হয়। এর জেরে বাজার থেকে ফেরার পথে স্থানীয় আবদুর রশিদ এতিমখানার কাছে নিলয়ের ওপর ওৎ পেতে হামলা চালায় রাসেল। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহম্মেদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান (৫) নামে এক শিশুর ভাসমান মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে নদের ঘাটে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। মৃত জাহিদ কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
অন্যদিকে, কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।