ads

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি,তদন্তে সিআইডি-পিবিআইসহ একাধিক সংস্থা

বিশেষ প্রতিনিধি, খুলনা
বিশেষ প্রতিনিধি, খুলনা
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি,তদন্তে সিআইডি-পিবিআইসহ একাধিক সংস্থা
ছবি: চরচা।

খুলনা নগরীতে গভীর রাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাশাপাশি সিআইডি, পিবিআইসহ একাধিক সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন কেএমপি কমিশনার মো. জাহিদুল হাসান।

আজ বুধবার খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসে কমিশনার মো. জাহিদুল হাসান বলেন, "সাংবাদিকদের ওপর আঘাত করা মানেই আমার ওপর আঘাত করা। তাই এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা জরুরি। তথ্যপ্রযুক্তির সহায়তায় হামলাকারীদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআইসহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে।"

Advertisement

জাহিদুল হাসান আরও বলেন, “ঘটনাস্থলে উপস্থিত চার সাংবাদিকের মধ্যে কাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, সেটিও তদন্তে বের করা হবে। ঘটনাস্থলের আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় হামলাকারীদের মুখ কিংবা মোটরসাইকেলের নম্বরপ্লেট স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে চার সাংবাদিক আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁদের লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয়। অন্য গুলির স্প্লিন্টার সাংবাদিক আওয়াল শেখের বুকে লেগে সামান্য চামড়া ছিঁড়ে যায়। তিনি অল্প আহত হন।

এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বলেন, ‘‘মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।’’

দৈনিক খুলনাঞ্চল-এর সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবির বলেন, দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি চেয়ারে লাগে এবং তার স্প্লিন্টারে সাংবাদিক আওয়াল শেখ আহত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতারা বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই পার না পায়।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা যাতে নিরাপদ ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহসভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বশির হোসেন এবং কার্যনির্বাহী সদস্যরা।

সম্পর্কিত