শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে রাজশাহীর সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
গতকাল সোমবার বিকেলে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম চরচাকে বলেন, স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে অনেক শিক্ষার্থী ক্লাসে না গিয়ে কোচিং সেন্টারে সময় কাটায়, যা প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিঘ্নিত করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান ও শ্রেণি কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম ভঙ্গ করে নির্দিষ্ট সময়ে কোচিং পরিচালনা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, এই আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।