ইয়েমেনের ইরানপন্থী হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন এবং দুটি বিমানবন্দরে থাকা সামরিক বিমানসহ চারটি স্থানে হামলা চালিয়েছে।
আজ মঙ্গলবার হুতিরা এই দাবি করেছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
গোষ্ঠীটি আরও দাবি করেছে, বাব আল-মান্দেব প্রণালির কাছে সৌদি আরব-সমর্থিত বাহিনীর অগ্রসর হওয়ার একটি প্রচেষ্টা তারা প্রতিহত করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনটিতে আঘাত হেনেছে তাদের বাহিনী।
অন্য একটি পোস্টে সারি দাবি করেন, ড্রোন দিয়ে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।
এ ছাড়া, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সামরিক বিমানের লক্ষ্যবস্তুতে। এর মধ্যে একটি নাজরান বিমানবন্দরে এবং অন্যটি খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন সারি।
হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত জুলাই থেকে সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করেছে হুতিরা। অক্টোবর মাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা বেড়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বেসামরিক বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক স্থাপনা।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট। দেশটির সরকারের বিরুদ্ধে যুদ্ধরত হুতিদের মোকাবিলায় এই জোট গঠন করা হয়।
ইরানের কাছ থেকে সমর্থন পাওয়ার অভিযোগে অভিযুক্ত হুতি গোষ্ঠী ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির আরও কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে।