তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া প্রস্তাবের বিভিন্ন তথ্য ও হিসাব-পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সেই সঙ্গে মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতাও বিবেচনায় নেওয়ার দাবিও জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
চিঠিতে বলা হয়েছে, সিপিডি পাঁচটি গবেষণার তথ্য থেকে মধ্যক বা মিডিয়ান পদ্ধতিতে একটি শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। তবে সব গবেষণার তথ্য যথাযথভাবে প্রতিফলিত করতে গড় বা মিন পদ্ধতি ব্যবহার করা উচিত ছিল।
বিজিএমইএর দাবি, সিপিডির ২০২৩ সালের নিজস্ব গবেষণায় পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ছিলেন দুজন। ফলে তিন বছরের ব্যবধানে পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি এবং উপার্জনক্ষম সদস্য কমে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করা প্রয়োজন।
মজুরি নির্ধারণে শুধু ঢাকা-শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমা বিবেচনা করার বিষয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, পোশাক কারখানা ও রপ্তানি কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। তাই অঞ্চলভিত্তিক উচ্চ দারিদ্র্যসীমা এবং সংশ্লিষ্ট এলাকার কারখানা ও রপ্তানির পরিমাণ বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ গড় নির্ধারণ করা উচিত।
সিপিডির হিসাবের আরেকটি বিষয় নিয়ে দ্বৈত গণনার আশঙ্কা প্রকাশ করে চিঠিতে বলা হয়েছে, সিপিডি খাদ্য ব্যয়ের ভিত্তিতে খাদ্যবহির্ভূত ব্যয় হিসাব করার পর অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করেছে। অথচ হায়েস (খানা আয় ও ব্যয় জরিপ) ২০২২-এর খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসনসহ অন্যান্য ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নতুন করে আবাসন ব্যয় যোগ করলে একই ব্যয় দুইবার গণনা হতে পারে। এ বিষয়ে সিপিডির কাছে ব্যাখ্যা চেয়েছে বিজিএমইএ।
এ ছাড়া ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির সঙ্গে পরবর্তী সময়ে দেওয়া বার্ষিক ইনক্রিমেন্ট, বিশেষ করে ২০২৪ সালের ৯ শতাংশ ইনক্রিমেন্ট সমন্বয় করা হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি। একই সঙ্গে শুধু প্রবেশপর্যায়ের গ্রেড নয়, অন্যান্য গ্রেডের মজুরি নিয়েও সিপিডির সুস্পষ্ট মূল্যায়ন চেয়েছে বিজিএমইএ।
মজুরি নির্ধারণে শিল্পের আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়েছে, গত তিন বছরে পোশাক উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ, অথচ রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকঋণের সুদহার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। বিজিএমইএর দাবি, গত তিন বছরে বন্ধ হয়েছে ২৮৭টি পোশাক কারখানা।
=বিজিএমইএ জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে। এ অবস্থায় মজুরি বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, বিনিয়োগ পরিস্থিতি এবং এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চ্যালেঞ্জ বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।