এক সময়ের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় জোটের সমাবেশে তিনি বলেছেন, “আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চিনতাম, আপসহীন বিএনপিকে চিনতাম; কিন্তু আজকের এই আপসকামী বিএনপিকে চিনতাম না। এককালের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে।”
এবি পার্টির চেয়ারম্যান বলেন, “গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের এই প্রতাপশালী রূপ আমরা দেখিনি। গতকালের হেলমেট বাহিনী গত ১৭ বছর আপস করে গুপ্ত অবস্থায় ছিল। অন্যদের ‘গুপ্ত’ ট্যাগ দেন, এখন তো দেখি আপনারাই সবচেয়ে বড় গুপ্ত ছিলেন, এই হেলমেট বাহিনীকে আমরা ফ্যাসিবাদের সময়ে পাইনি।”
মঞ্জু বলেন, “একই মায়ের পেটের যমজ দুই ভাইয়ের একজন বৈধ হলে আরেকজন অবৈধ হয় কীভাবে? ১২ ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোট কেন মানছেন না?”
মঞ্জু বলেন, “রাজনৈতিক দলের নেতৃত্বে হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচির সঙ্গে দেশবাসী দীর্ঘদিন পরিচিত ছিল। তবে রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে থেকেও যে এমন কর্মসূচি সংগঠিত হতে পারে, জুলাই গণঅভ্যুত্থান সেটিই প্রমাণ করেছে।”
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু, “জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।