ত্রয়োদশ সংসদ নির্বচানের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এক শ জায়গায় ‘দেশ বিক্রি’ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বুধবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ তিনি এমন মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
নাসীরুদ্দীন বলেন, “তাজমহল যেমন একজন প্রায় এক শ বারের মতন বিক্রি করেছিল। তেমনি তারেক রহমানও নির্বাচনে আসার আগে বাংলাদেশকে একশ জায়গায় বিক্রি করেছে।”
এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন, “তাজমহল একজনে প্রায় এক শ বারের মতন বিক্রি করেছিল। তো সব খরিদদার আইসা খুঁজে, যে আমি তাজমহলের মালিক কিন্তু তাজমহলের মালিকানা কি কেউ নিয়েছে, না বিক্রি হয়েছে? এটা ভারতের সম্পত্তি ছিল। তেমনি তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধরনা দিয়েছেন। ভারত থেকে শুরু করে অনেক ডিপস্টেটের কাছে, তাজমহলের মতো এক শ জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে।”
তিনি আরও বলেন, “এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে। তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। আরেকজন বলে, তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখন খারাপ হয়ে গিয়েছে। এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। কারণ বাংলাদেশের মালিক তারেক রহমানের নয়। বাংলাদেশের মালিকানা এ দেশের জনগণের।”
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্ষমতায় থাকবে না’ উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমানের সাথে ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের। আজকে সেই ডাক দিয়ে আপনাদেরকে বলে গেলাম, এই বায়তুল মোকাররমের চত্বরে। তারেক রহমান ক্ষমতায় থাকবে না। তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে।”