ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ জন যাত্রী নিয়ে ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় আজ রোববার ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা তল্লাশি অভিযান শুরু করেন। খবর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তানের দিকে যাওয়ার সময় অন্তত ২৪১ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে শহরটির দিকে যাওয়ার পথে ভার্গো ট্রান্সপোর্ট ৮-এর যোগাযোগ ব্যবস্থা বিকল হওয়ার খবর পায় তারা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বানজারমাসিনের উদ্ধার সংস্থার অপারেশন প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে খারাপ আবহাওয়ার কবলে পড়ার তথ্য পাওয়ার পর জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ঘটনাটি জানায়।