দেশের ‘শতবর্ষের সেরা’ ফুটবলার এবার সংসদের স্পিকার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দেশের ‘শতবর্ষের সেরা’ ফুটবলার এবার সংসদের স্পিকার
জাতীয় সংসদের ১৩তম স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের ১৩তম স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম। ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

হাফিজউদ্দিন আহমেদ বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের এক বীর সেনানী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরবিক্রমে ভূষিত করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরিরত অবস্থায় যশোর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তিনি দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারও। খেলেছেন পাকিস্তান জাতীয় ফুটবল দলে। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন পুরো ফুটবলার জীবনজুড়েই।

হাফিজ উদ্দিন আহমদ ভোলা–৩ আসন থেকে ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে। ১৯৮৮ সালের চতুর্থ সংসদেও তিনি জাতীয় পার্টির প্রার্থীর সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯২ সালে বিএনপিতে যোগ দেন হাফিজ উদ্দিন। ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হন ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনেও। ২০০১ সালে তিনি প্রথমে পাটমন্ত্রী ও পরে পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগেও ১৯৯৬ সালের ষষ্ঠ সংসদ নির্বাচনের পর গঠিত সংক্ষিপ্ত সময়ের সরকারে তিনি বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

রাজনৈতিক পরিবারের সন্তান হাফিজ উদ্দিন আহমদ। বাবা আজহার উদ্দিন আহমেদ ষাটের দশকে পরপর দুইবার পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ফুটবল সংগঠক হিসেবেও হাফিজ উদ্দিন আহমদ কাজ দায়িত্ব পালন করেছেন। তিনি আশির দশকের শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মাঝামাঝি সময়ে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯০ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সহ–সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালে ফিফা তাকে বাংলাদেশের ‘শতবর্ষের সেরা’ ফুটবলার হিসেবে ‘অর্ডার অব মেরিট’ উপাধিতে ভূষিত করে।

সম্পর্কিত