হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত প্রিভেন্টিভ টিম ও সি-শিফটের কর্মকর্তারা ইমিগ্রেশন পার হওয়া যাত্রীদের ওপর নজরদারি বাড়ান। এ সময় কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে আসা জনি রহমান নামে এক যাত্রী ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন।
সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তাকে থামিয়ে ব্যাগ স্ক্যান করেন। স্ক্যানিংয়ের সময় ব্যাগে থাকা আচারের বয়ামের ভেতর ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরবর্তীতে ব্যাগ খুলে তল্লাশি চালিয়ে আচারের বয়াম থেকে ডায়মন্ড পাথর বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্ল্যাটিনামের আংটি, তিনটি হোয়াইট গোল্ড অলংকার, পাঁচটি স্বর্ণের লকেট, একটি সোনার চেইন, ৪৭২টি স্বর্ণের নাকফুল এবং দুটি রূপার আংটি জব্দ করা হয়। এর পাশাপাশি ব্যাগে ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের ডায়মন্ড, পোখরাজ ও রুবিসহ মোট ৭২০টি মূল্যবান পাথর এবং জুয়েলারির ২৩টি সার্টিফিকেট কার্ড পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মোট পণ্যের ওজন ১ হাজার ৫৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। ব্যাগেজ ঘোষণা না দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ রত্ন ও অলংকার বহনের অপরাধে সংশ্লিষ্ট থানায় জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ফৌজদারি মামলা দায়ের করেছে।