উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে থাকা প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ই-ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত। তবে এ ভিসা পেতে একজন প্রবাসীকে জিসিসিভুক্ত দেশে কমপক্ষে এক বছর থাকতে হবে। আজ সোমবার আরম আমিরাতের ডিজিটাল সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জিসিসিভুক্ত ছয়টি দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
এ ভিসার জন্য প্রবাসীদের কিছু নির্দেশনা দিয়েছে আরব আমিরাত সরকার।
- আবেদন প্রক্রিয়া ও অনুমোদনের পর ই-ভিসা নিবন্ধিত ইমেল ঠিকানায় পাঠানো হবে।
- স্পন্সরের সঙ্গে ভ্রমণ না করলে প্রবাসীদের পরিবারের সদস্য বা সঙ্গীদের জন্য কোনো ভিজিট ভিসার আবেদন অনুমোদিত হবে না।
- যদি কোনো প্রবাসী জিসিসিভুক্ত দেশের নাগরিকদের সঙ্গে নিয়ে আসেন তাহলে তিনি ৬০ দিন পর্যন্ত থাকার অনুমতি পাবেন। এরপর আরও ৬০ দিনের জন্য তা একবার বর্ধিত হতে পারে।
আরব আমিরাত সরকার জানায়, জিসিসিভুক্ত দেশের প্রবাসীরা যে দেশ থেকে আসছেন সে দেশের ভিসার মেয়াদ শেষ হলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যদি ভিসা ইস্যু করার পর ওই প্রবাসী পেশা পরিবর্তন করেন তাহলে তিনি আরব আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আসা প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি হতে হবে। এই ভিসা সাধারণ একজন প্রবাসীকে প্রবেশের তারিখ থেকে ৩০ দিন থাকার অনুমতি দেয়, তবে মেয়াদ আরও অতিরিক্ত ৩০ দিন বাড়ানোর বিকল্প ব্যবস্থা রয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে প্রবেশের জন্য ই-ভিসা বাধ্যতামূলক করে। আগ্রহীরা দুবাই জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্টস সিকিউরিটির (আইসিপি) মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।