ads

হাম প্রতিরোধ ও সচেতনতা: সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাম প্রতিরোধ ও সচেতনতা: সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ)-এর ফার্মেসি বিভাগ এবং সাউথইস্ট ফার্মেসি ক্লাবের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাম সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এর শিরোনাম ছিল ‘মিজলস অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন: ন্যাশনাল হেলথ এক্সপার্টদের ক্রিটিক্যাল রিভিউ’।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যানেল আলোচনায় দেশের খ্যাতনামা স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন। এদের মধ্যে ছিলেন বারডেমের শিশু রোগ বিভাগের অধ্যাপক ড. মো. আবিদ হোসেন মোল্লা, আইইডিসিআর’র পরিচালক ড. কাজী আহমেদ জাকি, আইইডিসিআর’র সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান এবং আইসিডিডিআরবি’র সিনিয়র ডিরেক্টর ড. মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলো ক্লিনিকসের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. সাইদুর রহমান।

সেমিনারে বিশেষজ্ঞরা ২০২৬ সালে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব, এর কারণ এবং জনস্বাস্থ্যের চ্যালেঞ্জগুলো নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা ভবিষ্যতে হামের প্রাদুর্ভাব রোধে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা, রোগের প্রাদুর্ভাবের নজরদারি বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. ইশরাত জাহান বুলবুল এবং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন। সমাপণী বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)-এর পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এই সেমিনারে অংশ নেন।

সম্পর্কিত