Advertisement Banner

সংসদে উঠছে না গণভোট অধ্যাদেশ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সংসদে উঠছে না গণভোট অধ্যাদেশ
প্রতীকী ছবি: চরচা

গণভোটের উদ্দেশ পূরণ হয়েছে বলে তা আর বিল আকারে সংসদে উঠছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এই অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট হবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান সালাহউদ্দিন আহমদ। গতকাল রোববার রাতে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে বিশেষ কমিটি আগামী ২ এপ্রিল সংসদে প্রতিবেদন দেবে বলে জানানো হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, গণভোট অধ্যাদেশের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তাই সেটিকে নতুন করে বিল আকারে এনে আইনে পরিণত করার প্রয়োজন নেই।

“গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। যে কারণে প্রণয়ন করা হয়েছিল। এটার অধীনে সামনে আর কোনো গণভোট হবে না। এটাকে বিল আকারে এনে আইন বানানোর কোনো অর্থ নেই। এটা রেটিফিকেশনের প্রয়োজন নেই।”

আইনমন্ত্রী আসাদুজ্জামানও গণভোট অধ্যাদেশ নিয়ে একই রকম কথা বলেন। আরেক প্রশ্নে তিনি বলেন, “গণভোট অধ্যাদেশতো ল্যাপস হয়ে গেছে, মানে ইনফ্যাকচুয়াস হয়ে গেছে। গণভোট অধ্যাদেশের তো আর কার্যকারিতাই নাই। ওইটার আন্ডারে একটা গণভোট হয়েছিল। সেটা তো কার্যকারিতা নাই।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, না, গণভোট শেষ হয়ে গেছে।”

সম্পর্কিত