ফল প্রকাশের আগে ভোট ‘ভালো’, পরে ‘খারাপ’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ফল প্রকাশের আগে ভোট ‘ভালো’, পরে ‘খারাপ’
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ছবি: সুদীপ্ত সালাম

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ফল প্রকাশের পর দেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর বক্তব্যের সুর পাল্টেছে। দুই দল প্রথমে ভোটকে সুষ্ঠু বললেও পরে এ নিয়ে বিস্তর অভিযোগ তুলেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “১১-দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকারে যেতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে জামায়াত। সরকার গঠন করতে পারলে সব দলকে নিয়ে কাজ করা হবে।”

এ সময় তিনি আরও বলেন, “নির্বাচনের ফল গণনা এখনো শেষ হয়নি। এখনই চূড়ান্ত কিছু বললে ভোটারদের প্রতি সুবিচার হয় না। ধীরে ধীরে ফল আসবে। জাতির গুরুভার পেলে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করব। আপনারা (সাংবাদিক) আমাদের ভুল হলেও ছাড় দেবেন না।”

এরপর রাত যত পার হয়েছে জামায়াত আমিরের বক্তব্যও পাল্টেছে। বেশ কিছু আসনের ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্বের অভিযোগ তুলেছেন আমির। বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান বলেন, “কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে। এমনকি ঢাকা ৮ আসন এখনেও ঝুলে থাকবে কেন, সেখানে কী হচ্ছে? এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজধানীর আলোচিত আসনটিতে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুকে দেওয়া একটি পোস্ট শেয়ার করে নাহিদ লিখেছেন, “সবাই ঢাকা-৮-এ আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেন নি, এগিয়ে আসুন।”

বৃহস্পতিবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের যে আগ্রহ উচ্ছ্বাস সেটা সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে।

তবে মধ্যরাতে বিএনপিও নির্বাচন নিয়ে অভিযোগ তোলে। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘‘বুধবার রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, নির্বাচনের দিনও (বৃহস্পতিবার) দেশজুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে, নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। যদি উদাহরণ দেই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬-সহ বেশকিছু আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে এবং হচ্ছে।’’

সম্পর্কিত