জামায়াতের ভোট পুনর্গণনার দাবি নিয়ে যা বলছে ইসি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জামায়াতের ভোট পুনর্গণনার দাবি নিয়ে যা বলছে ইসি
বাংলাদেশ নির্বাচন কমিশন। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি জামায়াত জোটের ভোট পুনর্গণনার দাবি নিয়ে বলেন, “বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।”

এ সময় আনোয়ারুল বলেন, “আমরা প্রত্যাশার চেয়েও বেশি সফল মনে করি। ওভারঅল নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। পারসেন্টেজ বলেন, ভোট ব্যবস্থাপনা বলেন, আপনাদের সকলের সহযোগিতা বলেন, সব মিলেই আমরা সন্তুষ্ট। আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন।”

শপথের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শপথের যে বিষয়টি রয়েছে, সেটি হলো সংবিধানের ১৪৮ আর্টিকেল যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখব ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে তিন দিনের ভেতরে যদি স্পিকার কিংবা ডেপুটি স্পিকার শপথ না পড়ান তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন–সেই বিধান রয়েছে। আরও যে আইনগত বিষয়গুলো রয়েছে, সেগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা হয়তো করবেন। তবে এর বাইরে বেশি কিছু বলা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। কারণ, কবে–কখন এই শপথ অনুষ্ঠিত হবে–সেটি এখনো আমরা অফিশিয়ালি অবগত নই। সেটি অফিশিয়ালি অবগত হলে পরে আপনাদের জানাতে পারব।”

আজ জামায়াতসহ ১১ দলীয় জোট ইসিতে এসেছে। তারা বিভিন্ন অভিযোগ করছে, ৩২টি আসনে পুনর্গণনা চাচ্ছে। এ বিষয় ইসি কি সিদ্ধান্ত নিচ্ছে–জানতে চাইলে এই কমিশনার বলেন, “১১ দলীয় জোটের পক্ষ থেকে উনারা আসছেন। আমরা দীর্ঘক্ষণ উনাদের বক্তব্য শুনেছি। উনাদের বক্তব্য অনুযায়ী কিছু সমস্যার কথা উনারা উল্লেখ করেছেন। আর তড়িঘড়ির তো প্রশ্নই আসে না।”

পুর্নগণনার দাবি ইসি মানবে কিনা–জানতে চাইলে তিনি আরও বলেন, “তাদের যেই দাবি, সেই দাবিটির বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে, যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে তারা সেটি হাইকোর্টকে জানাতে পারবেন। হাইকোর্ট সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।”

শেরপুর-৩ আসনের তফসিল কবে হবে জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। শেরপুরের নির্বাচন প্লাস আপনারা জানেন একজন প্রার্থী দুটি আসনে নির্বাচন করেছেন। তিনি কোনটি রাখবেন কোনটি রাখবেন না এ তথ্য এখনো নির্বাচন কমিশনে আসেনি। শেরপুরের নির্বাচনটাও আমাদের করতে হবে। কমিশন এখনো সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। অচিরেই আপনারা কমিশন সিদ্ধান্ত নিলে জানতে পারবেন।”

সম্পর্কিত