সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: চরচা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিগগিরই এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে আজ রোববার একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘‘তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির সুফল আজ এক প্রমাণিত সত্য। সেই কর্মসূচির মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তাই সেই ধারাবাহিকতায় বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আবারও এই কর্মসূচি শুরু করা হয়েছে।’’

জহির উদ্দিন স্বপন বলেন, এই খনন কাজের ফলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে, যা কৃষি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খালের পাশাপাশি পরিবেশ রক্ষায় দেশজুড়ে বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচিকেও আরও ত্বরান্বিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা কোনো দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গঠন করতে চাই না; আমরা জনগণের সরকার গঠন করতে চাই। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে সরকারে থাকব, না হলে থাকব না। তবে আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচনী ব্যবস্থাকে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।’’

সম্পর্কিত