Advertisement Banner

কেরানীগঞ্জে কারখানায় আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৬, তদন্তে কমিটি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কেরানীগঞ্জে কারখানায় আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৬, তদন্তে কমিটি
শনিবার দিবাগত রাত ১২টার কিছু সময় পর মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার কিছু সময় পর মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৪টা পর্যন্ত কারখানার ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে শনিবার দিবাগত রাতে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে শনিবার দুপুর একটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত।

সম্পর্কিত