Advertisement Banner

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে
ভারতে একটি বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: রয়টার্স

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। কোনো রকম বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শেষ হয় নির্বাচনী প্রচারণার সময়সীমা। এ দফায় রাজ্যটির উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। এরমধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৭৫ লাখের মতো এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।

এই নির্বাচনে একদিকে যেমন মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দানে রয়েছে, তেমনি বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ), আম জনতা উন্নয়ন পার্টিসহ (এজেইউপি) অন্য দলগুলোও প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও বেশিরভাগ আসনেই লড়াই সীমাবদ্ধ থাকবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতীয় নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে ২ হাজার ৪০০ কোম্পানি (২ লাখ ৪০ হাজার সদস্য) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। রাজ্যের নির্বাচনের ইতিহাসে এই প্রথম এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রথম দফায় ১৫২ আসনের জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোটকেন্দ্র খোলা হয়েছে।

তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভাতেও আজ ভোটগ্রহণ চলছে। আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ মে ভোট গণনা করা হবে।

সম্পর্কিত