বরিশালে আদালতে হট্টগোল: আইনজীবী সমিতির সভাপতি আটক

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
বরিশালে আদালতে হট্টগোল: আইনজীবী সমিতির সভাপতি আটক
বরিশালে আদালত প্রাঙ্গন থেকে আটক করা হয় ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান (লিংকন)-কে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হট্টগোলের ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে (লিংকন) আটক করা হয়।

আজ বুধবার বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয় বলে আইনজীবীরা জানান।

গতকাল মঙ্গলবার বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে বেঞ্চ ধাক্কাধাক্কি ও চিৎকার করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয় বিস্তারিত জানতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মামুন উল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ৩৯ মিনিটের দিকে ওই ঘটনার শুরু হয়। এর আগে আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর করার প্রতিবাদে চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা চিফ মেট্রোপলিটন আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় আইনজীবীরা বিচারক এস এম শরিয়ত উল্লাহকে অপসারণ এবং জামিন বাতিলের দাবিতে অনির্দিষ্টকাল মহানগরের সব আদালত বর্জন করার ঘোষণা দেন।

১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ একটি মামলার শুনানি করছিলেন। কোর্ট রেজিস্ট্রার (জিআরও) ও কোর্ট পুলিশের তিনজন কনস্টেবল উপস্থিত ছিলেন। শুনানি চলা মামলাটির দুজন আইনজীবী আদালতে কথা বলছিলেন। এর মধ্যে আদালত কক্ষের ভেজানো দরজা খুলে চিৎকার করতে করতে লিংকন এজলাসে প্রবেশ করেন। তার পেছনে আরও কয়েকজন আইনজীবী আদালত কক্ষে প্রবেশ করেন। তারা এজলাসে বসার বেঞ্চগুলো হাত-পা দিয়ে ধাক্কা দিতে থাকেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস সোমবার আদালতে আত্মসমর্পণের পর জামিন পান। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন। গত ১৭ ফেব্রুয়ারি বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা জামিনে মুক্তি পান। জামিনপ্রাপ্ত অন্য দুজন হলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান।

সম্পর্কিত