Advertisement Banner

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ফাইল ছবি: রয়টার্স

ক্রিমিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে রাশিয়ার ২৯ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত একটি ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানকারী দল কৃষ্ণ সাগর উপকূলবর্তী পার্বত্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ওপর বাইরে থেকে কোনো হামলার (যেমন ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখি) চিহ্ন পাওয়া যায়নি। তাদের ভাষ্য, প্রাথমিক তথ্য বলছে কারিগরি বা যান্ত্রিক ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। ঘটনাটি তদন্তে সেনাবাহিনীর একটি বিশেষ কমিশন কাজ করছে।

এএন-২৬ মূলত ১৯৬০-এর দশকের একটি সামরিক পরিবহন বিমান। গত কয়েক দশকে এটি পণ্য ও যাত্রী পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে এই মডেলের বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।

সম্পর্কিত