মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যেসব সুবিধা পান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যেসব সুবিধা পান
ছবি: উইকিপিডিয়া থেকে নেওয়া

দীর্ঘ দুই দশক পর সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ৭৭টি আসন পেয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন মঙ্গলবার। সংসদ ভবনের শপথ কক্ষে শপথ হচ্ছে। ওই শপথের পর বিকেলে দক্ষিণ প্লাজায় নতুন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

গণমাধ্যমের খবরে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে নানা আলোচনা চলছে। অনেক খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার আকার ছোট হতে পারে। ২০০১ সালে বিএনপি-জামায়াত নেতত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনাও হয়েছিল।

একজন মন্ত্রী-প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী মাসিক সম্মানীসহ নানা ভাতা পেয়ে থাকেন। ১৯৭৩ সালের একটি আইনের অধীনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সম্মানীসহ নানা সুবিধা নির্ধারণ করা হয়েছে।

‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ সর্বশেষ ২০১৬ সালে সংশোধন করা হয়। ওই সংশোধনীতে মন্ত্রীদের বেতন আগের চেয়ে প্রায় দ্বিগুণ করা হয়।

এ আইন অনুযায়ী একজন মন্ত্রী মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা বেতন পান। প্রতিমন্ত্রী ৯২ হাজার, উপমন্ত্রী ৮৬ হাজার ৫০০ টাকা বেতন পান।

একজন মন্ত্রী আরও যেসব সুবিধা পান–

  • দৈনিক ভাতা: সফরে থাকাকালীন মন্ত্রণালয়ের বাইরে থাকলে দৈনিক দুই হাজার টাকা
  • নিয়ামক ভাতা: মাসিক ১০ হাজার টাকা
  • স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা
  • মোবাইল ফোন: মোবাইল ফোন কিনতে ৭৫ হাজার টাকা
  • সার্বক্ষণিক গাড়ি: সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন। ঢাকার বাইরে অফিশিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে।
  • সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ
  • বিনা ভাড়ায় সরকারি বাসভবন পাবেন, যার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন বিলসহ যাবতীয় রক্ষণাবেক্ষণ ব্যয় সরকার বহন করবে
  • সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র
  • সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ির ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল
  • সরকারি বাড়ি না থাকলে সেই বাড়িতে গার্ড শেড নির্মাণের জন্য সর্বোচ্চ ৪০ হাজার টাকা
  • উড়োজাহাজে ভ্রমণের জন্য বীমা সুবিধা আট লাখ টাকা
  • সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী
  • বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পাবেন। এ ছাড়া অন্তত দুজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন।
  • একজন মন্ত্রী উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুজন কর্মকর্তা।
  • আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।

আগে মন্ত্রিসভার একজন সদস্যকে সরকার থেকে বাড়ি বরাদ্দ দেওয়া না হলে ভাতা দেওয়া হতো এবং বাড়ি বরাদ্দ দেওয়ার পরে না থাকলেও ভাতা দেওয়ার বিধান ছিল। ২০১৬ সালে ওই বিধান বাতিল করা হয়। বাসা বরাদ্দ দেওয়া হোক বা না হোক সরকারি বাড়িতে না থাকলে ভাতা দেওয়ার বিধান রাখা হয়।

প্রতিমন্ত্রীর বেতন ভাতা

  • প্রতিমন্ত্রীরা মাসে ৯২ হাজার টাকা বেতন পান। এই আয়ের ওপর কোনো কর নেই। এ ছাড়া তিনি আরও পাবেন–
  • দৈনিক ভাতা: সফরে থাকাকালীন মন্ত্রণালয়ের বাইরে থাকলে দেড় হাজার টাকা
  • প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা: ৭ হাজার ৫০০ টাকা
  • স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৭ লাখ টাকা
  • মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা
  • বিনা ভাড়ায় সরকারি বাসা, যার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে
  • সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র
  • সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন বিলসহ সব ধরনের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ
  • উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুজন কর্মকর্তা।
  • আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।

উপমন্ত্রীর বেতন ভাতা

একজন উপমন্ত্রী বেতন পান ৮৬ হাজার ৫০০ টাকা। তাকেও বেতন ভাতার জন্য কোনো কর দিতে হয় না।

  • দৈনিক ভাতা: দেড় হাজার টাকা
  • নিয়ামক ভাতা: পাঁচ হাজার টাকা
  • স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে পাঁচ লাখ টাকা
  • মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা
  • বিনা ভাড়ায় সরকারি বাসভবন, যার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে
  • সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র
  • সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল
  • সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। এ ছাড়া একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার ও একজন আর্দালি, একজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা অসুস্থ হলে তাদের পুরো চিকিৎসা খরচ সরকার বহন করবে সরকার। 

সম্পর্কিত