স্বাস্থ্যখাতে সিন্ডিকেট ভেঙে ফেলব: স্বাস্থ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট ভেঙে ফেলব: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সচিবালয়ে আজ বুধবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমি অবশ্যই স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করব, সেই কারণেই আমি এখানে। এ মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না। আমাদের কাজে সিন্ডিকেটের কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়ব না, ইনশাআল্লাহ।’’

স্বাস্থ্য খাতের অগ্রাধিকার প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত বলেন, ‘‘দুর্নীতির ব্যাপারে আপনাদের আশ্বস্ত করি, স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হবে। এখানে কোনো দুর্নীতি এবং সিন্ডিকেট থাকবে না। দুর্নীতিমুক্ত করব, স্বাস্থ্য সেবা উন্নত করব, মানুষের কাছে কীভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় সেটা খুঁজে বের করব।’’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘স্বাস্থ্য খাতের মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রী -এমপিরাসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে। কিছু হলেই বিদেশে যেতে হবে সেটা আমি বিশ্বাস করি না।’’

সম্পর্কিত