Advertisement Banner

ভাটারা-চকবাজারে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রাথমিক ধারণা দাম্পত্য কলহ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভাটারা-চকবাজারে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রাথমিক ধারণা দাম্পত্য কলহ
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা ও চকবাজারে পৃথক ঘটনায় নারীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ইলিয়াস মোল্লা (৩৫) ও সুমাইয়া আক্তার মিম (২৪)।

আজ শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ইলিয়াস মোল্লা ভাটারার সাঈদ নগর এলাকার ১২ নম্বর রোডের ২১৩ নম্বর বাসার বাসিন্দা এবং তিনি লাভলু মোল্লার ছেলে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসমত আলী বলেন, খবর পেয়ে সাঈদ নগরের একটি বাসার তৃতীয় তলা থেকে ইলিয়াসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিয়াস কিছুদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে বাবার দেওয়া একটি ফ্ল্যাটে বসবাস করতেন। প্রায় দুই বছর আগে বিয়ে করেন। দাম্পত্য কলহের জেরে তিনি নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অপরদিকে, চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান জানান, ইসলামবাগ এলাকার একটি বাসা থেকে সুমাইয়া আক্তার মিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহও ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

সুমাইয়ার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার খয়রাবাদ এলাকায়। তার বাবার নাম আব্দুল আউয়াল। তিনি স্বামীর সঙ্গে চকবাজারের ইসলামবাগ এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সুমাইয়াও নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের প্রতিবেশী নূর হোসেন বলেন, প্রায় দেড় বছর আগে সুমাইয়ার বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। ঘটনার আগের দিন স্বামীর সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলেন তিনি। রাতে বাসায় ফিরে স্বামী তাকে নামিয়ে দিয়ে বেরিয়ে যান। পরে জানা যায়, তিনি নিজ কক্ষে ফাঁস দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।

সম্পর্কিত