Advertisement Banner

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তির খবরে কমেছে তেলের দাম

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তির খবরে কমেছে তেলের দাম

চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এই খবরেই স্বস্তি এসেছে তেলের বাজারে।

ব্রেন্ট ক্রুডের দাম আজ সোমবার ব্যারেলপ্রতি ৩ ডলার ৫৮ সেন্ট বা ৪ দশমিক ১০ শতাংশ কমেছে। ফলে এই তেলের দাম দাঁড়িয়েছে ৮৩ ডলার ৭৫ সেন্টে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ ডলার ১ সেন্ট বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ৮০ ডলার ৮৭ সেন্টে দাঁড়িয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তির খবর জানান। তিনি জানান, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। এর আওতায় যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া ও মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে।

শেহবাজ শরিফের পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।”

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, তিনি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেন।

ট্রাম্প লিখেছেন, “বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।”

সম্পর্কিত