ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ক্যাপিটলের হাউস চেম্বারে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন। ছবি: রয়টার্স

ইরানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। স্থানীয় সময় অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৭-৫৩ ভোটে হেরে যায়। এর ফলে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণ আরও সংহত হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিনেটর টিম কেইন উত্থাপিত এই প্রস্তাবটির মূল লক্ষ্য ছিল ওয়ার পাওয়ারস রেজোলিউশন-এর অধীনে প্রেসিডেন্টের ক্ষমতা নির্দিষ্ট করা, যাতে কংগ্রেসের অনুমতি ছাড়া তিনি ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধ বা বড় কোনো হামলা চালাতে না পারেন।

ডেমোক্র্যাটরা যুক্তি দিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে কার্যত একপাশে সরিয়ে রেখেছেন এবং যুদ্ধের সপক্ষে একেক সময় একেক ধরনের কারণ দেখাচ্ছেন। অধিকাংশ রিপাবলিকান এই প্রস্তাবটি আটকে দিলেও, তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন যে—আগামী সপ্তাহগুলোতে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হলে তারা তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন।

গত শনিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলা চালিয়েছে।

পরিস্থিতি শান্ত হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ না থাকায় মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন যে, এই যুদ্ধ প্রায় আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

সম্পর্কিত