Advertisement Banner

ফিনল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন!

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ফিনল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন!
ছবি: গুগল আর্থ

ইউক্রেনের ওপর রাশিয়ার বিমান ও ড্রোন হামলার রেশ ধরে প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এবং ফিনল্যান্ডে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম কিয়েভ পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রোববার লাটভিয়া, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের বেশ কিছু এলাকায় ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভোর রাত ৩টার দিকে এস্তোনিয়ার স্বররাষ্ট্র মন্ত্রণালয় ‘ভিরুমা’ এবং ‘ইডা-ভিরুমা’ কাউন্টিতে ড্রোন হামলার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করে। তবে কোনো ড্রোন শনাক্ত না হওয়ায় সকাল ৫টা ৩০ মিনিটে এই সতর্কতা তুলে নেওয়া হয়।

একই সময়ে লাটভিয়ার আলুস্কনে, বালভি এবং রেজেকনেসহ বেশকিছু সীমান্ত শহরে সতর্কতা সংকেত পাঠানো হয়। লাটভিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন অব্যাহত থাকায় যেকোনো সময় বিদেশি ড্রোন তাদের আকাশসীমায় ঢুকে পড়ার ঝুঁকি রয়েছে এবং তারা ন্যাটো মিত্রদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এদিকে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চল সংলগ্ন ‘ভিরোলাতি’ এলাকায় একটি ড্রোন ফিনিশ আকাশসীমা লঙ্ঘন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোটকা এবং হামিনা বন্দর এলাকায় সাময়িকভাবে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করে ফিনিশ সীমান্তরক্ষী বাহিনী। ড্রোনটি কোথা থেকে এসেছে তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

বাল্টিক অঞ্চলে এই উত্তজনা এমন এক সময়ে হলো, যখন ইউক্রেনের ওপর ২৬৮টি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী ২৪৯ টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবুও বেশ কিছু ক্ষেপণাস্ত্র বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।

সম্পর্কিত