Advertisement Banner

এনআইডিতে যুক্ত হচ্ছে মাদরাসা ও উচ্চতর শিক্ষার ডিগ্রি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এনআইডিতে যুক্ত হচ্ছে মাদরাসা ও উচ্চতর শিক্ষার ডিগ্রি
ছবি: বাসস

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ফরমে শিক্ষাগত যোগ্যতার ঘরে মাদরাসা শিক্ষার বিভিন্ন ডিগ্রি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এমবিবিএসসহ আরও কিছু উচ্চতর ডিগ্রি সংযোজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ইসির এনআইডি অনুবিভাগ সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এতদিন জাতীয় পরিচয় নিবন্ধনের সময় কেবল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর—এ ধরনের সাধারণ স্তরভিত্তিক শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হতো। নির্দিষ্ট কোনো ডিগ্রির নাম আলাদাভাবে যুক্ত করার সুযোগ ছিল না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন মাদরাসা শিক্ষার দাখিল, আলিম, ফাজিল, কামিল ও দাওরায়ে হাদিসের মতো ডিগ্রির নাম উল্লেখ করা যাবে। পাশাপাশি বিএসসি (ইঞ্জিনিয়ারিং), এমবিবিএস, এমএস/এমডি, এমফিল ও পিএইচডির মতো উচ্চশিক্ষার ডিগ্রিও এনআইডির তথ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতার এই পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “আমাদের দেশ থেকে অনেকে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ভিসার আবেদন করেন। তখন দেখা যায়, আবেদনে একটি নির্দিষ্ট ডিগ্রির নাম লেখা থাকলেও এনআইডিতে শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর উল্লেখ থাকে। এতে অনেক সময় নাগরিকদের বিড়ম্বনায় পড়তে হয়। এছাড়া সুনির্দিষ্ট ডিগ্রির নাম থাকলে উন্নত বিশ্বে আলাদা মর্যাদাও পাওয়া যায়। এসব বিষয় বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা প্রস্তাবনা কমিশনে পাঠিয়েছি। অনুমোদন হয়ে এলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বলেন, “একজন মানুষ দীর্ঘ সময় পড়াশোনা করে একটি ডিগ্রি অর্জন করেন, অথচ সেই ডিগ্রির নাম আমাদের ডাটাবেজে নির্দিষ্টভাবে প্রতিফলিত হতো না। এখন আমরা পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চতর শিক্ষার ডিগ্রিগুলো যুক্ত করার পরিকল্পনা করছি।”

সাইফুল বলেন, বর্তমানে একজন সরকারি চিকিৎসকের ক্ষেত্রে ডাটাবেজে পেশা হিসেবে শুধু সরকারি চাকরিজীবী উল্লেখ থাকে, ফলে তিনি যে চিকিৎসক—তা বোঝা যায় না। কিন্তু শিক্ষাগত যোগ্যতার ঘরে যদি এমবিবিএস বা এফসিপিএস যুক্ত থাকে, তাহলে সহজেই তার পেশাগত পরিচয় স্পষ্ট হবে। একইভাবে মাদরাসা শিক্ষায় অর্জিত ডিগ্রিধারীরাও তাদের সুনির্দিষ্ট ডিগ্রির নাম এনআইডি নিবন্ধন ফরমে উল্লেখ করতে পারবেন। তবে এসব তথ্য কেবল ডাটাবেজে সংরক্ষিত থাকবে, এনআইডি কার্ডে মুদ্রিত হবে না।

সম্পর্কিত