Advertisement Banner

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৯, আহত অনেকে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৯, আহত অনেকে
ছবি: রয়টার্স

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতভর এসব হামলা চালায় রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এরমধ্যে দনিপ্রো শহরে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভে চারজন নিহত ও অন্তত ৫১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের দুটি বহুতল আবাসিক ভবনে হামলা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কিয়েভের মেয়র বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, “শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।”

গত সপ্তাহে রাশিয়া জানিয়েছিল, তারা কিয়েভের সামরিক ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে কেন্দ্রগুলো থেকে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। বিদেশিদের শহর ছাড়ার আহ্বানও জানায় রুশ সরকার। রাশিয়ার দাবি, গত মাসে রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের স্টারোবিলস্কে একটি ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলায় ২১ জন নিহত হয়। এর জবাবেই এসব হামলা চালানো হচ্ছে।

তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, গত ২১-২২ মে রাতে স্টারোবিলস্কের কাছে তারা হামলা চালিয়েছিল। কিন্তু তাদের লক্ষ্য ছিল রুশ সামরিক ইউনিট, কোনো ছাত্রাবাস নয়।

সম্পর্কিত