Advertisement Banner

অস্ট্রিয়া–আলজেরিয়া ম্যাচে মহানাটকীয়তা, ইরানের বিশ্বকাপ শেষ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
অস্ট্রিয়া–আলজেরিয়া ম্যাচে মহানাটকীয়তা, ইরানের বিশ্বকাপ শেষ
অস্ট্রিয়ার এই গোলেই বিদায় নিশ্চিত হয়েছে ইরানের। ছবি: রয়টার্স

এই বিশ্বকাপে ইরান খুব সম্ভবত সবচেয়ে দুর্ভাগা দল। কাল মিশরের বিপক্ষে যোগ করা সময়ে করা গোলটি বাতিল করে দিল ভিএআর। অথচ, খলিলজাদেহর ওই গোলটা হলেই কালই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যায় তাদের। আজ যোগ করা সময়ে আলজেরিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার মহানাটকীয় গোল ইরানকে বিদায় করে দিয়েছে বিশ্বকাপ থেকে। অপরাজিত থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার মতো দুর্ভাগ্য আর আছে নাকি!

গ্রুপ ‘জে’তে আলজেরিয়া–অস্ট্রিয়া ম্যাচটি ছিল জমজমাট। ৩–৩ গোলে ড্র হওয়া ম্যাচের পর এই গ্রুপ থেকে নকআউট পর্বে আর্জেন্টিনার সঙ্গী হচ্ছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। এই ম্যাচ নিয়ে ইরানের সামনে সমীকরণটা ছিল পরিস্কার। দুই দলের যেকোনো একটি যদি আজ হেরে যেত, তাহলে নকআউট পর্ব নিশ্চিত হতো ইরান। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার মুহূর্তে ম্যাচটি ২–২ সমতায় ছিল। ৯৩ মিনিটে আলজেরিয়ার রিয়াদ মাোরেজ গোল করে আলজেরিয়াকে এগিয়ে দেন ৩–২ গোলে। ইরানের স্বস্তি, আশাকে ধূলিস্যাৎ করে দিয়ে ৯৬তম মিনিটে গোল করলেন অস্ট্রিয়ার সাসা কালাইদচিচ। বিদায় ঘটে যায় ইরানের।

অস্ট্রিয়ার অন্য দুটি গোল গোল মার্কো আরনাউতোভিচ (২৮ মিনিট) ও মার্সেল সাবিৎসার (৫৫ মিনিট)। রিয়াদ মাহারেজের আগে আলজেরিয়ার দুটি গোল ইব্রাহিম মাজা ও রফিক বেলঘালির। ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠলো অস্ট্রিয়া। শেষ ৩২-এ লস অ্যাঞ্জেলেসে তারা ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে। গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানঅর্জনকারী দল হিসেবে নকআউটে উঠেছে উত্তর আফ্রিকার দেশটি। শেষ ৩২ এ ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

সম্পর্কিত