Advertisement Banner

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লারে বিস্ফোরণ, নিহত ১৩

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লারে বিস্ফোরণ, নিহত ১৩
ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ ঘটে। ছবি: এনডিটিভি

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে ১৩ জন কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই। পুলিশের আশঙ্কা, আরও কিছু শ্রমিক বয়লার রুমের দুর্ঘটনাস্থলে আটকে পড়ে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সাক্তি জেলা পুলিশ ও প্রশাসনসূত্রে জানা গেছে , বিস্ফোরণের অল্প সময়ের মধ্যেই স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। আহতদের আশপাশের হাসপাতাল গুলোতে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, চার জন কর্মচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আহত ২১ জন কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বেদান্ত শিল্পগোষ্ঠী কর্তৃপক্ষ দাবি করেছে, কারাখানাটির বয়লার ইউনিট তারা সরাসরি পরিচালনা করত না। এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল) নামে অপর একটি কোম্পনি বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার ইউনিট পরিচালনা ও রক্ষাবেক্ষণের দায়িত্বে ছিল।

তবে নিহতদের পরিবারকে সহায়তা এবং বেদান্ত শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এ প্রসঙ্গে বলা হয়েছে, “এই মুহূর্তে আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো নিহতদের পরিবারকে সহায়তা করা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা।”

ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই বিস্ফোরণকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমাদের সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে তদন্ত হবে এবং এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাক্তি জেলার সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত এ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটির মালিক বেদান্ত শিল্পগোষ্ঠী। এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন শুরু হয় ২০২৫ সাল থেকে।

সম্পর্কিত