Advertisement Banner

পঙ্গুত্বকে হারাল অদম্য ইচ্ছা, কেবল হাতের জোরেই এভারেস্ট জয় রুস্তমের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পঙ্গুত্বকে হারাল অদম্য ইচ্ছা, কেবল হাতের জোরেই এভারেস্ট জয় রুস্তমের
ছবি: এক্স থেকে নেওয়া

কৃত্রিম পায়ের সাহায্য ছাড়া, কেবল হাতের জোরে মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন রাশিয়ান পর্বতারোহী রুস্তম নাবিয়েভ। দুই পা হারানো কোনো ব্যক্তি হিসেবে তিনিই প্রথম এই কৃতিত্ব অর্জন করলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে দুই পা হারানো সাবেক প্যারাট্রুপার নাবিয়েভ গত বুধবার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন।

এই ঐতিহাসিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন নাবিয়েভ। ছবিতে মাউন্ট এভারেস্টে তার হাতে একটি প্ল্যাকার্ড দেখা যায়, যাতে লেখা ছিল, ‘‘যারা ভেবেছিলেন পতনের পর জীবন শেষ হয়ে যায়, তাদের জন্য। রুস্তম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬।’’

ছবির ক্যাপশনে নাবিয়েভ লেখেন, ‘‘২০ মে, নেপাল সময় সকাল ৮টা ১৬ মিনিটে, পর্বতারোহণের ইতিহাসে প্রথমবার, মানব ইতিহাসে প্রথমবার, আমি—রুস্তম নাবিয়েভ, শুধুমাত্র আমার হাত ব্যবহার করে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি!’’

তিনি আরও যোগ করেন, ‘‘আমাকে যারা দেখছেন, এই আরোহণ আমি তাদের সবাইকে উৎসর্গ করছি। এই কাজের মাধ্যমে আমি কেবল একটি কথাই বলতে চাই, আপনার মধ্যে যতক্ষণ জীবন অবশিষ্ট আছে, লড়াই করুন! দয়া করে শেষ পর্যন্ত লড়াই করুন! এর মূল্য আছে!’’

এভারেস্ট বেস ক্যাম্পের ফিল্ড অফিস কোঅর্ডিনেটর খিম লাল গৌতম আনাদোলু এজেন্সির সাথে আলাপকালে নাবিয়েভের এই মাইলফলক ছোঁয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে পড়ার সময় ভেতরে ঘুমিয়ে ছিলেন নাবিয়েভ, আর সেই দুর্ঘটনায় তিনি তার দুই পা হারান। তবে এই ধাক্কায় দমে না গিয়ে, নাবিয়েভ আউটডোর অ্যাডভেঞ্চার এবং পর্বতারোহণের শুরু করেন।

সম্পর্কিত