Advertisement Banner

দিল্লির হোটেলে আগুনে প্রাণ গেল ২১ জনের, অধিকাংশই বিদেশি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দিল্লির হোটেলে আগুনে প্রাণ গেল ২১ জনের, অধিকাংশই বিদেশি
ছবি: রয়টার্স

ভারতের দিল্লিতে একটি হোটেলে আগুনে অন্তত ২১ জন মারা গেছে। আজ বুধবার সকালে দিল্লির মালভিয়া নগরের ফ্লারিস স্টে হোটেলের রেস্টুরেন্টে আগুন লাগে। এতে ৪০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হতাহতদের মধ্যে বেশিরভাগই বিদেশি। তবে কতজন বিদেশি রয়েছেন–তা এখন পর্যন্ত জানা যায়নি।

এনডিটিভি বলছে, ফ্লারিস স্টে হোটেলের ৫ তলা ভবনের বেসমেন্টে ওই রেস্টুরেস্ট রয়েছে। আজ সকাল ৮টা ৫০ মিনিটে সেখানে আগুন ধরে যায়।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। এরপর পুরো হোটেলেই আগুন ধরে যায়। এমনকি পাশের মিকাসা ইনেও আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাটি এমনিতেই বেশ জনবসতিপূর্ণ। এখানে থাকা বাসিন্দাদের বেশিরভাগই শিক্ষার্থী। অনেক বিদেশি চিকিৎসা নিতে এসে এই হোটেলে থাকেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ভবনের বিভিন্ন তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ছেন। তাদেরকে বাঁচাতে রাস্তায় ম্যাট্রিস বিছানো হয়েছে।

জানা যায়, যখন আগুন লাগে, তখন বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ওই ভবনে ৬টি কক্ষ রাখার অনুমতি থাকলেও সেখানে ২৫টি ছিল।

সম্পর্কিত