Advertisement Banner

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেনে বিক্ষোভ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেনে বিক্ষোভ
শনিবার দিবাগত রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ‘সাধারণ শিক্ষার্থীরা’। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কলেজ ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে ফেলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাতে আন্দোলনে নামেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মূল ফটকের তালা ভেঙে বাইরে বের হন এবং ক্যাম্পাসের কয়েকটি গেটের তালা ভাঙার চেষ্টা করেন।

এ সময় কলেজের সামনে টানানো একটি ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ব্যানারটিতে ছাত্রদলের এক পদপ্রত্যাশীর নাম ছিল বলে জানা গেছে। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে কালো রঙে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানান।

এদিকে, ঘটনার প্রতিক্রিয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ ও রাজনৈতিক মতপ্রকাশ শিক্ষার্থীদের মৌলিক অধিকার। একই সঙ্গে তিনি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বিরোধী আন্দোলনের পেছনে ‘গুপ্ত সংগঠন’ সক্রিয় থাকার অভিযোগও তোলেন।

এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে একাধিকবার বিক্ষোভ হয়েছে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

সম্পর্কিত