Advertisement Banner

কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় কিশোর নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় কিশোর নিহত
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ তারা মসজিদ এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় মো. জুবায়ের (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত জুবায়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার জুম্মন হোসেনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায় বসবাস করতো।

গতকাল মঙ্গলবার মধ্য রাতে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরের বাবা মো. জুম্মন হোসেন জানান, মধ্য রাতের দিকে বেড়িবাঁধের তারা মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির অটোভ্যান জুবায়েরকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। তখন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জুবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত