রাজধানীর শাহবাগে একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এ বি এম আবিদ হাসান জিসান (২৬) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বাসিন্দা।
সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষার্ষের কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ইন্টার্ন শেষ করেছেন। বর্তমানে ধানমন্ডির পপুলার হাসপাতালে কর্মরত ছিলেন।
হাফিজুর আরও বলেন, “কয়েকজন সহকর্মী মিলে শাহবাগের হাবিবুল্লাহ রোডের ইউরেকা সালেহা প্যালেস নামের একটি বাসায় আমরা ভাড়া থাকতাম। আজ দুপুরের দিকে তার রুমমেট দীপ্ত সিংহ তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে, দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
রুমমেট আরও বলেন, “সকালে রুম থেকে বের হওয়ার সময়ে দেখেছিলাম, জিসান তার বাড়িতে কথা বলেছিল।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যু জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।