রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিয়ে পোশাক কারখানা বন্ধের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। খবর বার্তা সংস্থা ইউএনবির।
আজ মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কেউ যদি পোশাক কারখানা বন্ধ করার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব।”
সড়কে শ্রমিকদের বিক্ষোভের কারণে যেসব কারখানা বন্ধ রয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করছে। তবে শ্রমিকদের দাবিদাওয়া বিবেচনায় ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এতে শ্রমিকরাও সন্তুষ্ট হয়েছেন। পোশাক ও নিটওয়্যার শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি কারখানার মালিকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আলোচনায় সব পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যূনতম মজুরি বোর্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে। নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হবে।
মজুরি নির্ধারণের সময় শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক বিষয়গুলো বিবেচনায় নেওয়ার জন্য সরকার বোর্ডকে অনুরোধ জানিয়েছে বলে জানান তিনি।
বর্তমান পরিস্থিতিতে পোশাক খাতে নতুন করে অস্থিতিশীলতা তৈরির কোনো সুযোগ নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন “পরাজিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে এবং নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এ ধরনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”