সারা বিশ্বের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতি ও আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ বুধবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলা দরবার শরীফ আয়োজিত সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘‘মহানবী (সা.)-এর আগমন বিশ্ব মানবজাতির জন্য সুসংবাদ বয়ে এনেছিল। তাঁর হাত ধরেই ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়। ইসলামকে বিতর্কিত করার নানা অপচেষ্টা হলেও রাসুল (সা.)-এর প্রদর্শিত পথেই কেবল পৃথিবীর প্রকৃত কল্যাণ ফিরে আসা সম্ভব।’’
অনুষ্ঠানে দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের বিষয়ে আবদুস সালাম বলেন, ‘‘দীর্ঘদিনের জমে থাকা এসব সমস্যা নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বিগত সরকারের অনিয়ম ও উদাসীনতায় তৈরি হওয়া এই সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়।’’
পুরোনো ঢাকার নানা নাগরিক সমস্যার প্রসঙ্গ টেনে প্রশাসক জলাবদ্ধতার জন্য দুর্বল ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেন। তিনি জানান, অকার্যকর কোনো সাময়িক পদক্ষেপ নয়, বরং পানি সরাসরি বুড়িগঙ্গায় নিষ্কাশনের সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অতীতের অপরিকল্পিত নগরায়ণ এবং নদী, খাল ও পুকুর দখলের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘনবসতি ও সরু রাস্তার বাস্তবতাকে মেনেই নতুন নাগরিক সুবিধার পরিকল্পনা করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে ‘ঈমানের অঙ্গ’ হিসেবে স্মরণ করিয়ে দিয়ে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান প্রশাসক।
এছাড়া পুরোনো ঢাকাকে পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা নদী পরিষ্কারসহ ঐতিহ্যবাহী কাসিদা, কাওয়ালি, নৌকাবাইচ ও ঘুড়ি ওড়ানোর সংস্কৃতি পুনরুজ্জীবিত করার কথা জানান আবদুস সালাম। নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা ও তারা মসজিদসহ ঐতিহাসিক স্থানে বিনামূল্যে পরিদর্শনের বাস চালুর কথা উল্লেখ করেন তিনি।