বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
দৈনিক সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী বলেন, “পুলক চ্যাটার্জি তার স্ত্রীর ফোন ধরছিলেন না। বিষয়টি পুলকের স্ত্রী আমাকে জানান। এরপর শুক্রবার সন্ধ্যায় আমি সমকাল অফিসে আসি। তখন অফিসের ঢোকার দরজা ভেতর থেকে আটকানো দেখতে পাই। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার লাশ উদ্ধার করে।”
পুলক চ্যাটার্জি সবশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে তার চাকরি চলে যায়। জ্যেষ্ঠ সংবাদকর্মী ও সাবেক ব্যুরো প্রধান হিসেবে মাঝেমধ্যেই তিনি সমকাল অফিসে যেতেন বলে পুলকের সহকর্মীরা জানিয়েছেন।
সুমন চৌধুরী বলেন, “পুলকের অনুরোধের পরিপ্রেক্ষিতে অফিসের একটি চাবি তাকে দেওয়া হয়েছিল। শুক্রবার দিনের কোনো একসময় সমকাল অফিসে ঢুকেছেন ধারণা করা হচ্ছে। ঘটনার সময় দৈনিক সমকালের পিয়ন দীপক ছুটিতে ছিলেন। তাই পুরো অফিসে পুলক চ্যাটার্জি ছাড়া আর কেউ ছিলেন না।”
পুলকের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে।
ওসি আল মামুন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।”