রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণের পর রুশ কূটনীতিক কিরিল দিমিত্রিয়েভ তাদের স্বাগত জানান।
ট্রাম্পের এই দুই বিশেষ মস্কোয় বৈঠক করবেন। এরপর আগামীকাল রোববার তারা কিয়েভে গিয়ে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
মার্কিন প্রতিনিধি দলের রাশিয়া সফরের কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিনের জন্য হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “উইটকফ ও কুশনার ‘যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব’ নিয়ে যাচ্ছেন।” তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যস্থতায় শান্তি চুক্তি সম্পাদনের প্রচেষ্টা কোনো বড় অগ্রগতি আনতে পারেনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন দুই দূত পৃথকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।
কুশনার ও উইটকফ এর আগে বেশ কয়েকবার রাশিয়া সফর করেছেন। তবে রোববারের বৈঠকটি হবে ইউক্রেনের মাটিতে তাদের প্রথম আলোচনা।