ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের আবুল বাশার (৫৪) নামে এক হাজতি ও আব্দুল কাইয়ুম (৬২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কারারক্ষী শহীদ বলেন, “আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হাজতি আবুল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কারারক্ষী শহীদ জানান, নিহত হাজতি আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া এলাকায়। তার বাবার নাম সেকান্দার আলী।
তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
অপর এক ঘটনায় কারারক্ষী হেমায়েত হোসেন বলেন, “আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে কয়েদি আব্দুল কাইয়ুম অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কারারক্ষী হেমায়েত হোসেন জানান, কয়েদি আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায়। তার বাবার নাম দুদুমিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতি আবুল বাশার ও কয়েদি আব্দুল কাইয়ুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাবিবুর রহমান জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।