নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যায় জড়িত অভিযোগে অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ তাকে গ্রেপ্তারের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
শাকের আহমেদ সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের পাশ থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়।
অপূর্বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও দাবি করে পুলিশ কর্মকর্তা শাকের আহমেদ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনাই গ্রামের বাসিন্দা। আলিফ বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন।
এ ঘটনায় নিহতের আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।