মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ রোববার থেকে পরবর্তী পাঁচ দিন ঢাকাসহ সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করেছে।
এছাড়া, মৌসুমি বায়ুর একটি উপ-অক্ষ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, দেশের অন্যান্য এলাকায় তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব মাঝারি অবস্থায় রয়েছে।