স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়া দুই লাখ শ্রমিক নেবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই প্রক্রিয়া শুরু হবে।
আজ রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের বৈঠক হয়। এরপর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, দুই লাখ শ্রমিকের মধ্যে ১০ হাজার শ্রমিক বিনা মূল্যে নেবে মালয়েশিয়া সরকার। তিনি বলেন, ‘‘সৌর বিদ্যুৎ, রাস্তার বিটুমিনের সঙ্গে রাবারসহ বিভিন্ন খাতে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া।’’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিধিমালা চূড়ান্ত হলে রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না।
অটোরিকশা নিয়ে দ্রুত বিধিমালা হবে জানিয়ে তিনি বলেন, ‘‘ঢাকায় চলাচলের জন্য দুই ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে। ৬ সিটের রিকশা নিবন্ধন পাবে না।’’
ই-রিকশা সৌরবিদ্যুতে চার্জ দিতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘এক এক এলাকায় আলাদা আলাদা রঙের রিকশা থাকবে। ৮টি অঞ্চলে ভাগ করা হবে। অভ্যন্তরীণ রোডগুলোতে রিকশা চলাচল করবে।’’