সিলেটের হবিগঞ্জে হামলার রেশ কাটতে না কাটতে ফের দু-দফা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর থেকে প্রথমে সিলেটের গোলাপগঞ্জ ও পরে পাঁচ মাইল এলাকায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
পৃথক দুই স্ট্যাটাসে সারজিস আলম দাবি করেছেন, এই হামলার সঙ্গে বিএনপির নেতা কর্মীরা জড়িত।
দুপুর ২টা ৪২ মিনিটে দেওয়া স্ট্যাটাসে সারজিস দাবি করেছেন, ‘‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’’
পরে বেলা ৩টা ১৩ মিনিটে দেওয়া আরেক স্ট্যাটাসে সারজিস দাবি করেন, ‘‘দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে।’’
পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?’’