নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আহত এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম লি চং ইয়ং (৪৮)। তিনি নরসিংদীর মাধবদী বাগানবাড়ী এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদীর দিকে যাওয়ার সময় উত্তর ৩০০ ফিট এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, খবর পেয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। মাথার খুলিতে চোটসহ ডান পাশে মারাত্মক জখম ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের সহকর্মী রুহুল আমিন জানান, লি চং ইয়ং মাধবদী এলাকার একটি কোম্পানিতে কর্মরত ছিলেন এবং সেখানেই বসবাস করতেন। তার বাবার নাম লি ফাংদি।