মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
গত সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। গত শনিবার তার আসনের অধীন গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) ও সরকারের ভেতরেও অসন্তোষ তৈরি হয়।
পরদিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। যদিও এই খবর অস্বীকার করেন ইশরাক হোসেন। শেষ পর্যন্ত সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, তিনি স্বেচ্ছায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আত্মরক্ষার জন্য সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি।
তবে দলের ভাবমূর্তি রক্ষা ও সম্মান অক্ষুণ্ন রাখার স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
ইশরাক হোসেন আরও বলেন, সরকারি পদে না থাকলেও দলের একজন সাধারণ কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাবেন তিনি।