রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনীতি করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আলোচনার মাধ্যমে রাজনীতি করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হলো সহিষ্ণুতা।”
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফর উপলক্ষে নাগরিক কমিটি ও স্থানীয় সুধীসমাজ এ সংবর্ধনার আয়োজন করে।
রাষ্ট্রপতি বলেন, “আমরা আর কোনো সংঘাত বা রক্তপাত দেখতে চাই না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং অনেক ত্যাগ স্বীকার করেছি। এখন আমরা সেই গণতন্ত্রকে রক্ষা করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুপ্রতিষ্ঠিত করতে চাই।”
দেশে সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ যেন সমান বাংলাদেশি নাগরিক হিসেবে একসঙ্গে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে হবে।”
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, “জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জমি হয়ে গেছে এবং ভাইস চ্যান্সেলরও দায়িত্ব নিয়েছেন। ইনশাআল্লাহ, আগামীকাল আমি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।”
তিনি বলেন, “জেলায় একটি মেডিকেল কলেজও প্রতিষ্ঠা করা হবে এবং আগামী বছর থেকে সেখানে শিক্ষার্থী ভর্তি শুরু করার আশা করা হচ্ছে।”
রাষ্ট্রপতি বলেন, “স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে দুটি পৃথক উপজেলা গঠন করা হয়েছে এবং সেসব উপজেলার ইউএনওরা যোগ দিয়ে কাজ শুরু করেছেন।”
ঠাকুরগাঁওয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য আরও শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “প্রস্তাবিত বিমানবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা হবে। তবে বিমানবন্দরটি দীর্ঘমেয়াদে চালু রাখতে হলে জেলায় শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। আমাদের এখানে প্রায় কোনো কল কারখানা বা শিল্প নেই। মানুষের কাজের সুযোগও পর্যাপ্ত নেই।”
জনগণকে শুধু চাকরি বা ঠিকাদারির ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, “নিজের পায়ে নিজে না দাঁড়ালে কেউ আপনাকে দাঁড় করাতে পারবে না। আপনাকেই নিজের পায়ে দাঁড়াতে হবে।”
নারীদের আরও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, “অনেক নারী ইতোমধ্যে নিজেদের উদ্যোগে কাজ শুরু করেছেন। তাদের অংশগ্রহণ আরও বাড়লে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।”
ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “প্রায় ১০ হাজার মানুষকে বিদেশে নেওয়ার একটি উদ্যোগের আওতায় ঠাকুরগাঁওয়ের মানুষকেও সুযোগ দেওয়ার বিষয়েথাকবে এবং সবাই এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।’